হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি
মেঘনা নদীর তীব্র ভাঙনে নদী তীরবর্তী বহু এলাকা হুমকির মুখে পড়েছে। যেমন বীরগাঁও এবং পশ্চিম ইউনিয়ন বরিকান্দি ইউনিয়ন শ্যামগ্রাম ইউনিয়ন এই গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে । এ পরিস্থিতিতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মান্নান। জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, বালিখেকোদের লাগামহীন কর্মকাণ্ডের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী জনপদে ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।
সংসদে দেওয়া বক্তব্যে এমপি মান্নান উল্লেখ করেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদী তীরবর্তী বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা জরুরি। একই সঙ্গে নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। প্রয়োজনে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
এ সময় তিনি নদী তীর রক্ষা ও ভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নদীর তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে মেঘনা নদীর ভাঙন রোধ করা সম্ভব বলে তিনি মত দেন।
সংসদে বিষয়টি উত্থাপনের পর সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং মেঘনার ভাঙন থেকে তাদের ঘরবাড়ি ও জমি রক্ষা পাবে।
