চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাচদোনা গ্রামে আট বছরের শিশু আদিবা ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) দুপুরে আধারা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় দুই মাইল দূরে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার ব্রিজ এলাকায় গিয়ে মানববন্ধন কর্মসূচিতে রূপ নেয়।কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এতে অংশ নেয় আধারা আইডিয়াল স্কুল-এর শিক্ষার্থীরাও।মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশু আদিবার মা শামিমা আক্তার, ভাই মঈন আহম্মেদ, মামা ও ইউনিয়ন পরিষদ সদস্য আলাউদ্দিন আলাল, ইউপি সদস্য হুমায়ুন কবির, শিক্ষিকা প্রিয়া সরকার, শিক্ষক জহিরুল ইসলাম, মো. শাহিন প্রমুখ।বক্তারা অবিলম্বে হত্যা মামলার পলাতক আসামি শুকুর আলীকে গ্রেফতারসহ সকল আসামির ফাঁসির দাবি জানান।মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “এ মামলার চার্জশিট আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত তিন আসামি জেলহাজতে রয়েছে। পলাতক আসামি শুকুর আলীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।”উল্লেখ্য, গত বছরের ২০ জানুয়ারি সৌদি প্রবাসী আলাউদ্দিনের মেয়ে ও আধারা আইডিয়াল স্কুল-এর তৃতীয় শ্রেণির ছাত্রী আদিবা (৮) নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর, ২৪ জানুয়ারি পাশের বাড়ির পুকুরপাড়ের নির্জন স্থানে খড়ের স্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় তার মা শামিমা আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমন, ইয়াসিন ও আওয়াল নামের তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। চতুর্থ আসামি শুকুর আলী এখনো পলাতক রয়েছে।

