ePaper

ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার: দুলু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্প আঘাত হানার আগেই প্রস্তুতি নিতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। ভূমিকম্প বলে-কয়ে আসে না। এটি আচমকা ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দিতে পারে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ ব্যক্তিকে দক্ষ, পরিণত ও পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।