(শেখ নাদিম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রবিবার বিকেলে আশুগঞ্জ থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তিনি জানান, রবিবার সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ অবৈধ চোরাচালন সম্পর্কে গোপন সংবাদ পান। পরে তার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামূখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনটির মালবাহী বগী থেকে অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় শাড়ির ১৮টি বস্তা উদ্ধার করে। তবে এ সময় চোরাকারবারীদের কাউকে না পাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে গিয়ে জব্দকৃত শাড়িগুলো নামানো হয়। জব্দকৃত শাড়িগুলোর মধ্যে ভারতীয় প্রাইম সিল্ক, কাতানসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৮০ পিস শাড়ি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৫৪ লক্ষ টাকা। তিনি আরো বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে চোরাচালান রোধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
