ePaper

ফুলগাজীর খাজুরিয়াপালবাড়ি সড়কের বেহাল দশা: এমপির দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা-এর আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া থেকে পালবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এতে করে প্রায় ২০০টি পরিবার প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর প্রতিনিধি মো. আজাদ জানান, সাবেক ইউপি সদস্য মরহুম বেলাল হোসেন কিছু অংশে সোলিং করেছিলেন, কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহীন বলেন, বর্তমান সরকারের আমলে বিষয়টি ফেনী ১ আসনের এমপি রফিকুল আলম মজনু-কে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

আরেক বাসিন্দা আকবর হোসেন বলেন, সড়কটি প্রশস্ত করে পালবাড়ি পর্যন্ত উন্নয়ন করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে আংশিক মেরামত করেন। পরবর্তীতে বিষয়টি ফাহারিয়া ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও উপস্থাপন করা হয়েছে। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *