ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজী উপজেলা-এর আনন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাফর মজুমদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ ) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশেই রাখা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য জানান, ঘরের ভেতরে ধান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডের মাত্র এক ঘণ্টার ব্যবধানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েন। জাফর মজুমদার জানান, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ), ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক ও বাবু চৌধুরী। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
