ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে এক ভারতীয় কাপড় ব্যবসায়ীর কথিত সোর্সকে অপহরণের চেষ্টার অভিযোগে প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ কেতরাঙ্গা (থানা: পরশুরাম) এলাকার বাসিন্দা মাসুদ (পিতা: মো. রফিক) বক্সমাহমুদ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি ঢাকা মেট্রো-গ-৩৪-৬৭০২ নম্বর প্রাইভেটকারে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। প্রাইভেটকারটি ফেনীর দিকে নিয়ে যাওয়ার সময় ফুলগাজী বাজারের ব্রিজ এলাকায় যানজটে আটকে পড়ে। এ সময় ভুক্তভোগী মাসুদ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে ড্রাইভারসহ তিনজনকে আটক করা হয়। অপর দুইজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে প্রাইভেটকারসহ থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন
১. দেলোয়ার (২৬), পিতা: ফিরোজ আহমেদ, সাং উত্তর বাউরহুমা, থানা: পরশুরাম, জেলা: ফেনী।
২. ফয়সাল হোসেন রাফি (২৪), পিতা: ফজলুল হক, সাং বারাহিগুনি, থানা: দাগনভূইয়া, জেলা: ফেনী (ড্রাইভার)।
৩. মো. আরিফ হোসেন, পিতা: রফিকুল ইসলাম, সাং পাচগাছিয়া (শিপন ভূইয়া বাড়ি), থানা: ফেনী সদর, জেলা: ফেনী।
সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মাসুদ বিজিবির মাধ্যমে ভারতীয় শাড়ি-কাপড় জব্দে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ভুক্তভোগী মাসুদ এ বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জানান,ফুলগাজী ইসলামী ব্যাংক এলাকার সামনে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
