ব্যুরো চীফ, ফরিদপুর
সোমবার (৩০ মার্চ) সকালে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া। তিনি বলেন, একটি উন্নয়নমুখী ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে প্রশাসন, বিভিন্ন দপ্তর এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. ইফতেখার আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরিন শারমিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা জানান, উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা জরুরি। গ্রাম পর্যায়ে সেবার মান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আলম, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলতাফ হোসেন, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক ফকির এবং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, মাদক বর্তমানে একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করছে, যা বিশেষ করে তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর নজরদারি এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, এসব সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগই পারে স্থায়ী সমাধান নিশ্চিত করতে।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
সমন্বয় সভাটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং একটি সচেতন, নিরাপদ ও উন্নয়নমুখী ফরিদপুর সদর উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শেষ হয়।
