ePaper

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস: র?্যালি-আলোচনা সভায় নারীর অধিকার ও সমঅংশগ্রহণের আহ্বান

ব্যুরো চীফ,ফরিদপুর

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর ডায়াবেটিক ফাউন্ডেশনের (এফডিএফ) উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এর আগে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *