রিপন মাহমুদ, পিরোজপুর
পিরোজপুরে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে “লায়লা ফ্রেস ওয়াটার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে শহরের ঝাটকাঠী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ফিতা কেটে “লায়লা ফ্রেস ওয়াটার” এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। সুপেয় পানির অভাবে নানা ধরনের রোগব্যাধি দেখা দেয়। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার নাছির উদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইএসআইজিওপি প্রজেক্টের সমন্বয়কারী মাইনুল হোসেন মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান, কামরুজ্জামান চাঁন, শুভজিৎ মন্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। “লায়লা ফ্রেস ওয়াটার” এর মতো উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
