সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ জেলেই আড়ৎ মালিকের মাধ্যমে ট্রলার ভেদে প্রতি ট্রিপে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে মাছ বিক্রির ওপর নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। এর মধ্যে মারধর, কাঁচা মাছ খাইয়ে দেওয়া, মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়া এবং অকারণে মামলায় আসামি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। নৌ-পুলিশের বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো সত্যতা নেই।”স্থানীয় জেলেরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
