মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
মেধা, সততা ও কঠোর নীতিবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাসেম। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদোন্নতি প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি ভূমি সেবা প্রদান এবং সরকারি সম্পত্তি রক্ষায় অত্যন্ত নির্ভীক ও আপসহীন ভূমিকা পালন করেছেন। বিশেষ করে অবৈধ দখলদার উচ্ছেদ এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ছিলেন অনড়। কোনো ধরনের প্রভাবে নতি স্বীকার না করে নীতির প্রশ্নে অটল থেকে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই পদোন্নতির সংবাদে কোম্পানীগঞ্জের সচেতন মহলে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। স্থানীয় সুধীজন ও সাংবাদিক সমাজের মতে, রুবাইয়া বিনতে কাসেমের মতো দক্ষ ও নীতিবান কর্মকর্তার পদোন্নতি সৎ ও জনবান্ধব প্রশাসন গড়ার ক্ষেত্রে এক বড় অনুপ্রেরণা। জনবান্ধব এই কর্মকর্তার নতুন কর্মজীবন আরও সফল ও গৌরবময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
