নড়াইল প্রতিনিধি
নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্ব ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আরেক জন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রবিবার ( ২৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার(৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে । এবং আহত জিহাদ মোল্যা(২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর – নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্ব ম্যানেজার নাহিদ সরদার। তেলা না পেয়ে ট্রাক চালকের সাথে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডের এক পর্যায়ে ট্রাক চালক সুজাত ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্ব থেকে ১০০ গজ দুরে গেলে পিছন দিয়ে এসে ট্রাক চালক সুজাত তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়।এতে ঘটনাস্থলে পাম্ব ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
