দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এবং আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
