ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ)
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুটির মামা মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত হুজাইফাকে আর বাঁচানো সম্ভব হয়নি।এর আগে ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মংডু টাউনশিপের আশপাশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে জান্তা বাহিনীর বিমান হামলা জোরদার হয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং ওপারের গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে।
