ePaper

জলঢাকায় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সচেতনতা ক্লাস

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,জলঢাকা

নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১,৩০ মিনিটে নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় ও সচেতনতামূলক শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে বাল্যবিয়ে, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক, কিশোর গ্যাং, প্রেমের সম্পর্ক ও মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তির ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে ঘণ্টাব্যাপী এই ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, ডাউয়াবাড়ি বিট অফিসার এ এস আই সিরাজুল ইসলাম, নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক মহাদেব কুমার রায়, শিক্ষকবৃন্দ মনিরুজ্জামান, শাহীনুর রহমান, জেনিফা ইয়াসমিন, নাহিদা আক্তার, গণেশ চক্রবর্তী, আব্দুর রহিম, সাইদুল ইসলাম, নওশাদ আলী, নুর আজমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের সঠিক পথে গড়ে তুলতে প্রশাসন সব সময় পাশে রয়েছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা তৈরি করাই পুলিশের মূল লক্ষ্য তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যেন কোনো ভাবেই অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ো। কোনো অনৈতিক প্রস্তাব, ইভটিজিং বা সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে দ্রুত শিক্ষক, অভিভাবক অথবা নিকটস্থ থানাকে জানাবে। পুলিশ তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযমী হতে হবে। অপ্রয়োজনীয় গেম, অশালীন কনটেন্ট ও অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগ শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। লেখাপড়ায় মনোযোগী হওয়া, শৃঙ্খলা মেনে চলা এবং সময়ানুবর্তিতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৩৫ জন। শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করেন প্রায় ৬১২ জন শিক্ষার্থী। শিক্ষক ও অভিভাবকরা জানান, প্রশাসনের সরাসরি অংশগ্রহণে এমন দিকনির্দেশনা মূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আইন মানার মানসিকতা, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *