ePaper

গোবিন্দগঞ্জে শিক্ষক শামসুন্নাহার রুমা হত্যার বিচার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধ) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ (২মার্চ) সোমবার সকাল ১০টার সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আদর্শ শিক্ষককে এভাবে নৃশংসভাবে হত্যা করা সমাজ ও জাতির জন্য লজ্জাজনক। ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও এখনো সকল অপরাধীকে আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা অভিযোগ করেন, অপরাধীরা প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শামসুন্নাহার রুমা শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। আগামী ৭ দিনের মধ্যে যদি মূল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু করা না হয়, তবে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার  নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *