গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় ইউনি ব্লক দিয়ে দৃষ্টিনন্দন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় পৌর শহরের প্রধানপাড়া এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, পৌরসভা কর্ম সম্পাদন সহায়তা কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সিন্টু, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভা কর্তৃপক্ষ জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫নং ওয়ার্ডের প্রধানপাড়া মহল্লায় মা মেশিনারীজ স্টোর হতে সেবা ক্লিনিক পর্যন্ত ৪২০ মিটার আরসিসি ড্রেন ও ইউনি ব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৪৩ হাজার ৬ শত ৯৬ টাকা এবং নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুফা কনস্ট্রাকশন।
