ePaper

গোবিন্দগঞ্জে বিপ্লবী জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের  স্বরণসভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দুনিয়ার মজদুর এক হও এই বৈপ্লবিক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আজীবন বিপ্লবী জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসদ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহান এই বিপ্লবীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিকএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালা মানিক দেব এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, কমরেড আব্দুল মতিন তালুকদার শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবাদী ও ত্যাগী বিপ্লবী। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মেহনতি মানুষের প্রতিটি লড়াইয়ে তিনি সম্মুখ সারিতে ছিলেন। শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও সমাজ পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখে ছিলেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের। বর্তমান দুঃশাসন ও পুঁজিতান্ত্রিক শোষণের হাত থেকে মুক্তি পেতে তার প্রদর্শিত বিপ্লবী পথই আমাদের পাথেয়। সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড শওকত হোসেন আহমেদ, কমরেড আবুল কালাম আজাদ বাবুল এবং কমরেড সামসুল আলম জুলফিকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার  জে এস ডি সভাপতি আয়ুব হোসেন সরকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম মতিন মোল্লা উপজেলা সিপিবি-র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক,  বাসদ কেন্দ্রীয়  নেতা কমরেড সন্তোষ গুপ্ত সহ উপজেলার বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকালে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আব্দুল মতিন তালুকদারের অসমাপ্ত সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।

স্মরণ সভায় স্থানীয় বাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *