গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুঞ্জ মালঞ্চা কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লিনিকের নিয়মিত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ছুটিতে থাকায় জনস্বার্থে পার্শ্ববর্তী ক্লিনিকগুলোর সিএইচসিপিরা পর্যায়ক্রমে সেখানে দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে কুঞ্জ মালঞ্চা কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করছেন মাহমুদ আরাফাত মিশন। তিনি একই সাথে উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মাহমুদ আরাফাত মিশন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুঞ্জ মালঞ্চা কমিউনিটি ক্লিনিকের নিয়মিত সিএইচসিপি ডাঃ জাওয়াদ প্রধান ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমানে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না। এই সময়ে স্থানীয় বাসিন্দারা যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য উপজেলার বিভিন্ন ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা সপ্তাহে দুই দিন করে এখানে সেবা প্রদান করছেন।
তিনি আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এই বিশেষ পরিকল্পনাটি আগামী এক মাস পর্যন্ত চলমান থাকবে। আশা করা যাচ্ছে, এক মাসের মধ্যেই নিয়মিত সিএইচসিপি কর্মকর্তা তার কর্মস্থলে ফিরে আসবেন এবং সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।
স্থানীয় এলাকাবাসী কর্তৃপক্ষের এই সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এই রোস্টার ভিত্তিক দায়িত্ব পালনের ফলে গ্রামীণ জনপদের মানুষ নিয়মিত ওষুধ ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদার রহমান আকন্দ মুঠোফোনে জানান, ফুলবাড়ি ইউনিয়নের কুঞ্জ মালঞ্চা কমিউনিটি ক্লিনিকটি কোনো ভাবেই বন্ধ রাখা হয়নি। সেবা সচল রাখতে সপ্তাহে ৬ দিনই নির্দিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করছেন। সিএইচসিপি (ঈঐঈচ) রবি ও বুধবার, স্বাস্থ্য সহকারী (এইচ ্এ) সোম ও মঙ্গলবার এবং পরিবার কল্যাণ সহকারী (এফ ডাব্লিউ এ) শনি ও বৃহস্পতিবার সেখানে উপস্থিত থাকছেন।
