রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩০ শে মার্চ)কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে এটি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচির আওতায় মোট ১,৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে পাট বীজ পাবে ৬০০ জন, মুগ বীজ ৩০ জন, তিল বীজ ৬০ জন এবং উফশী আউশ ধানের বীজ পাবে ৭০০ জন কৃষক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, এবং এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ।
এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে।কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
