ePaper

কুয়াকাটায় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আবাসিক হোটেল নিলাঞ্জনার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় আয়োজিত সভায় ছয়টি উপজেলা—কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী—মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন উত্তরণ ফিশনেট প্রকল্পের মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারি আতিকা আজরা। স্বাগত বক্তব্য দেন উত্তরণ ফিশনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী।

সভায় প্রতিটি উপজেলা নেটওয়ার্ক তাদের নিজ নিজ এলাকার কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করে। প্রকল্প বাস্তবায়নে নেটওয়ার্কগুলোর উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে ছিল—সমবায় সমিতি গঠনে উপজেলা সমবায় কর্মকর্তার সঙ্গে অ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠক এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, এসি (ল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় সভা।

পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনায় নেটওয়ার্কগুলোর অগ্রাধিকারভিত্তিক করণীয় নির্ধারণ করা হয়।

সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *