মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত ও হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১১টার দিকে উপজেলার নহাটা বাজার এলাকায় ৮ নং নহাটা ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা ও বনি আমিনসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তুরাপ তার প্রভাব খাটিয়ে এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালিয়েছেন। তারা দাবি করেন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সমাবেশে বক্তারা আরও বলেন, তৈয়বুর রহমান তুরাপের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন ও আহাদ হত্যা, এছাড়াও স্থানীয় রিয়াজ হত্যা ও নাশকতাসহ অন্তত চারটি মামলা রয়েছে। এসব মামলার যথাযথ তদন্ত করে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। বিক্ষোভকারীরা সরকার ও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
