সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি দেহব্যবসার আস্তানায় অভিযান চালিয়ে দুই পতিতা, এক খদ্দের ও এক দেহব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেহব্যবসায়ী সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগ হাওলাদারের বাড়ি সলিমপুর গ্রামে হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার বসতঘরে গোপনে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েন।
শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ওই বাড়িতে পতিতা ও খদ্দের অবস্থান করছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক দুই পতিতা, খদ্দের ও দেহব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
